September 19, 2026, 8:12 am

creativesoftbd.com
শিরোনামঃ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব পরিচয়কারী প্রতারক গ্রেফতার

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব পরিচয়কারী প্রতারক গ্রেফতার

 

অনলাইন ডেস্কঃ  প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব পরিচয়কারী প্রতারক গ্রেফতার।
নামের আগে ‘শেখ’ যোগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুফু এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী, রাজনৈতিক সচিব, উপ-সচিবসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আছেন- এমন ভুয়া পরিচয়ে প্রতারণাকালে শেখ আকাশ আহমেদ (শরীফ) নামে এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বিকালে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এলআইসি টিমের একটি দল নগরীর বিসিক শিল্প নগরী এলাকার একটি ফ্যাক্টরী থেকে ৪ সহযোগীসহ তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ নেতাদের সাথে তোলা ছবি, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্যসহ বিভিন্ন পদ উল্লেখ করা রাষ্ট্রীয় মনোগ্রাম সম্বলিত ভিজিটিং কার্ড জব্দ করা হয়। সন্ধ্যায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে তাৎক্ষণিক এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, নেত্রকোণার ওয়াজেদ আলীর ছেলে শরীফ উদ্দিন (২৫)। তিনি শেখ আকাশ আহমেদ (শরীফ) নাম ধারণ করে ফেসবুক আইডি খোলেন এবং নিজেকে কখনো প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী, কখনো রাজনৈতিক সচিব, উপ-সচিব, কখনো কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক, বর্তমানে আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য, আবার কখনো রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আছেন বলে প্রচার করেন এবং এসব পদ-পদবী ও বাংলাদেশের মনোগ্রাম ব্যবহার করে তিনি বিভিন্ন ধরণের ভিজিটিং কার্ড তৈরি করে প্রতারণার কাজে ব্যবহার করেন। এছাড়া তিনি তার বাড়ি গোপালগঞ্জ জেলায় দাবি করে প্রধানমন্ত্রীকে কখনো কখনো ফুফু বলে পরিচয় দেন। তার সাথে রয়েছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সড়ক ও সেতুমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে নিখুঁতভাবে এডিটিং করা ছবি। এসব ছবি ও ভিজিটিং কার্ড দেখিয়ে নানাভাবে সে মানুষের সাথে প্রতারণা ও বিভ্রান্ত করে আসছিল।

পুলিশের জিজ্ঞাসাবাদে সে জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ে আউটসোর্সিংয়ের কর্মী হিসেবে ৩ মাস অফিস সহায়কের (পিয়ন) কাজ করতে গিয়ে বহিষ্কার হয়। এসএসসি সমমানের (ভোকেশনাল) পর্যন্ত লেখাপড়া করলেও সে নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় বর্ষের ছাত্র বলে দাবি করেছে।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, সম্প্রতি কুমিল্লা শহরতলীর ধর্মপুর এলাকার বদরুল ইসলাম খান ও তার স্ত্রী হাবিবা ইসলাম খানের সাথে ফেসবুকে তার পরিচয় হয়। পরবর্তীতে প্রতারক শরীফ তাদের নিকট নিজেকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব পরিচয় দিয়ে এবং তিনি গণভবনে থাকেন জানিয়ে সপ্তাহখানেকের মধ্যে কুমিল্লায় বেড়াতে আসতে চান। এরই প্রেক্ষিতে বুধবার দুপুরে একটি নোহা মাইক্রোযোগে ৪ জন সঙ্গীসহ মোটর সাইকেলের একটি বহর নিয়ে ওই দম্পতির বাড়িতে আসেন এবং পরে ওই দম্পতির মালিকানাধীন বিসিক শিল্প নগরীর ইটিল্যাব (ইউনানী) ফ্যাক্টরী পরিদর্শনে যান। এসময় ডিবি’র ওসি আনোয়ারুল আজিম ও এলআইসি টিমের পরিদর্শক ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ৪ সহযোগীসহ ওই প্রতারককে গ্রেফতার করে।

creativesoftbd.com

     দৈনিক মানব সমাজ এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।