September 19, 2026, 8:12 am

creativesoftbd.com
শিরোনামঃ

মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি সালামের রোগমুক্তি কামনায় মিলাদ মাহফিল

মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি সালামের রোগমুক্তি কামনায় মিলাদ মাহফিল

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি বর্ষীয়ান সাংবাদিক এম. এ সালামের রোগমুক্তি কামনায় প্রেসক্লাবের  সহকর্মী সাংবাদিকদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

(২৯ জুলাই) মঙ্গলবার  বাদ মাগরিব প্রেসক্লাবের হলরুমে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক সরওয়ার আহমদ, বকশি ইকবাল আহমদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল হামিদ মাহবুব, সহ-সভাপতি নূরুল ইসলাম শেফুল, সহ-সভাপতি আশোক কুমার দাশ, সাবেক সহ-সভাপতি সৈয়দ হোমায়েদ আলী শাহীন, বর্তমান সাধারণ সম্পাদক পান্না দত্ত, সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী প্রমুখ।
এম এ সালামের পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি বেশ ক’দিন ধরে জ্বর, কাশিসহ শারীরিক সমস্যায় ভুগছিলেন। গত শনিবার (২৫ জুলাই) রাতে তার শ্বাসকষ্ট দেখা দেয়, কাশি ও জ্বর বেড়ে যায়। এ অবস্থায় তাকে জরুরি ভিত্তিতে নর্থ-ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে অক্সিজেন সাপোর্টসহ যাবতীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তার করোনাভাইরাসের নমুনা রিপোর্ট নেগেটিভ এসেছে। পরিবারের পক্ষ থেকে এম এ সালামের জন্য সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।
এম এ সালাম বর্তমানে দেশের জ্যেষ্ঠ সাংবাদিকদের মধ্যে একজন। তিনি ষাটের দশকে সাংবাদিকতা শুরু করেন। সাংবাদিকতার শুরু থেকে তিনি দেশের সুপ্রাচীন ও ঐতিহ্যবাহি দৈনিক সংবাদ পত্রিকার সাথে যুক্ত। বর্তমানে তিনি দৈনিক সংবাদের মৌলভীবাজার জেলা বার্তা পরিবেশক এবং চ্যানেল আই এবং রেডিও টুডে’র মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
তার হাত ধরে মৌলভীবাজার প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয়। মৌলভীবাজার প্রেসক্লাব ঢাকা জাতীয় প্রেসক্লাবের পরে দেশের দ্বিতীয় প্রেসক্লাব। প্রতিষ্ঠার পর থেকে এম এ সালাম বিভিন্ন মেয়াদে মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে তিনি নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

creativesoftbd.com

     দৈনিক মানব সমাজ এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।