শ্রীমঙ্গলে গাড়ি চাপায় প্রাণ গেল চিত্রা হরিণের
শ্রীমঙ্গল প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গাড়িচাপায় একটি চিত্রা হরিণের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতের কোনো একসময় ভানুগাছ সড়কে ঘটনাটি ঘটেছে। বুধবার সকালে হরিণটির মরদেহ উদ্ধার করে নিয়ে যায় বন বিভাগ।
স্থানীয় সাইক্লিস্ট জয় দেব বলেন, সকালে ভানুগাছ সড়কের রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই চিত্রা হরিণের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। এ সময় তাঁরা জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন দেন। সেখান থেকে মৌলভীবাজার সহকারী বন সংরক্ষককে (বন্য প্রাণী) খবর দেওয়া হয়। পরে বন বিভাগের কর্মকর্তা ঘটনাস্থলে এসে হরিণের মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
মৌলভীবাজার প্রকৃতি ও বন্য প্রাণী সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোতালেব হোসেন বলেন, ‘সকালবেলা আমরা খবর পেয়ে হরিণের মরদেহ উদ্বার করেছি। এটি সম্ভবত মঙ্গলবার দিবাগত রাতে রাস্তা পার হওয়ার সময় গাড়িচাপায় মারা যায়। হরিণের মরদেহের ময়নাতদন্ত হয়েছে। আমরা লাউয়াছড়ার জানকিছড়ায় হরিণটির চামড়া সংগ্রহ করে মরদেহ মাটিচাপা দেব।’
দৈনিক মানব সমাজ এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।